বাগেরহাট প্রতিনিধি : “ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগান কণ্ঠে তুলে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুনের নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ছাত্রদলের নেতা জুবায়ের পারভেজ সাম্য হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এছাড়া নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের ভেতরে ততই ষড়যন্ত্র বাড়ছে। তাই আমাদের মূল স্লোগান ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে কেউ যেন বিভ্রান্ত না হয় এবং প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন গোষ্ঠী নানা অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে লাগা আগুনের ঘটনাগুলোও সেই ষড়যন্ত্রেরই অংশ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাদের দাবি, এসব ঘটনার পেছনে প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত জরুরি।
শেখ আল মামুন আরও বলেন, নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ছাত্রদল সবসময় সজাগ আছি। নির্বাচন হবেই এটি কেউ বন্ধ করতে পারবে না।
রিপোর্টার্স২৪/আরকে