| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিশরে কোরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থান বাংলাদেশি হাফেজা হুমায়রার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৫:০৬:৫২:পূর্বাহ্ন  |  ১১৫২৭৯১ বার পঠিত
মিশরে কোরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থান বাংলাদেশি হাফেজা হুমায়রার

রিপোর্টার্স২৪ ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ। ‘ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন।

নারীদের বিভাগে হুমায়রা মাসুদ প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না। পুরুষদের বিভাগে প্রথম স্থান লাভ করেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম। ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকীম এবং সওলা মুহাম্মাদ দিয়া আল হক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের ইমাম ও কারি শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদের এ অর্জন কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়, এটি বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে দেশের মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে। তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজারী আজহারী বলেন, হুমায়রার এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। আমরা সকলের কাছে দোয়া কামনা করি- আল্লাহ তায়ালা যেন তাকে কোরআনের খেদমতে কবুল করেন।

চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরে জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪