| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলাপোকা-মেশানো এক কাপ কফি ৭০০ টাকা!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:৫২:২৪:অপরাহ্ন  |  ১১৪৩৯৪৬ বার পঠিত
তেলাপোকা-মেশানো এক কাপ কফি ৭০০ টাকা!
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের একটি জাদুঘর সম্প্রতি এমন এক অদ্ভুত কফি বাজারে এনেছে যা শুনলেই চমকে উঠবেন অনেকেই। কফিটির উপরিভাগে ছিটানো থাকে গুঁড়ো করা তেলাপোকা এবং এর ভেতরে মেশানো হয় শুকনো হলুদ মিলওয়ার্ম- যা একধরনের শুঁয়োপোকা। প্রতি কাপের মূল্য রাখা হয়েছে ৪৫ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ টাকার সমান।

চীনা সংবাদমাধ্যম দ্য কভার জানায়, যারা এই কফি চেখে দেখেছেন, তাদের মতে এর স্বাদ ‘হালকা পোড়া ও খানিকটা টক।’ অদ্ভুত এই পানীয়টি পাওয়া যাচ্ছে বেইজিংয়ে অবস্থিত একটি পতঙ্গভিত্তিক জাদুঘরের কফি শপে। যদিও প্রতিবেদনে জাদুঘরটির নাম প্রকাশ করা হয়নি।

জাদুঘরের এক কর্মী জানান, ‘আমরা জুনের শেষে এই কফি চালু করেছি, আর সম্প্রতি এটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু আমরা একটি পতঙ্গ-ভিত্তিক জাদুঘর, তাই এমন পানীয় রাখাটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে।’

এটি ছাড়াও নতুন সিরিজে রাখা হয়েছে আরও কিছু অদ্ভুত পানীয়- যার একটি তৈরি করা হয়েছে মাংসাশী কলসি গাছের (পিচার প্ল্যান্ট) হজমকারী রস ব্যবহার করে। আরেকটি সীমিত সংস্করণের পানীয় তৈরি হয়েছিল পিঁপড়া দিয়ে, যা বিক্রি হয়েছিল শুধুমাত্র হ্যালোউইন উপলক্ষে।

কর্মীটি জানান, এসব পানীয়ের সব উপকরণ সংগ্রহ করা হয়েছে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (TCM)–এর ভেষজ দোকান থেকে। তাই গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঐতিহ্যবাহী চিকিৎসা মতে, গুঁড়ো করা তেলাপোকা রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হয় এবং প্রোটিনসমৃদ্ধ মিলওয়ার্ম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে।

তার ভাষায়, পিঁপড়া দিয়ে তৈরি পানীয়টি টক স্বাদের হলেও, পিচার প্ল্যান্টের রসের কফিটি সাধারণ কফির মতোই স্বাদযুক্ত। আরশোলা কফিটি মূলত কৌতূহলী তরুণ–তরুণীদের মধ্যেই জনপ্রিয়। অভিভাবকেরা এটি খুব একটা পছন্দ করেন না, কারণ তাঁরা আরশোলাকে ভীষণ অপছন্দ করেন। দোকানে প্রতিদিন অন্তত ১০ কাপ আরশোলা কফি বিক্রি হয় বলেও তিনি জানান।

বেইজিংয়ের এক ব্লগার চেন জি তার ভক্তদের অনুরোধে চোখ বন্ধ করে পুরো কফিটি পান করে বলেন, ‘আমি ভেবেছিলাম আরও ভয়ংকর কিছু হবে, কিন্তু আসলে এতটা খারাপ না!’

তবে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পানীয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘আমাকে টাকা দিলেও আমি এটা পানে রাজি হব না!’

চীনে অস্বাভাবিক কফির জনপ্রিয়তা নতুন নয়। এ বছরই ইউনান প্রদেশের এক ক্যাফে কফির সঙ্গে গভীর তেলে ভাজা পোকামাকড় পরিবেশন করে বিতর্কে জড়ায়। আবার চিয়াংসি প্রদেশের একটি কফি শপ তাদের ল্যাটেতে ভাজা লঙ্কা ও গরম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার জন্য শিরোনাম হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪