রিপোর্টার্স২৪ডেস্ক: নর্থ লন্ডন ডার্বি মানেই উত্তেজনা, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। তবে এবার এমিরেটসে সেই আবেগকে ছাপিয়ে গেছে আর্সেনালের দাপট, নিখুঁত নিয়ন্ত্রণ আর এবেরেচি এজের আলোছায়া। টটেনহ্যামের টার্গেটে থাকা এজে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে দলকে উপহার দিলেন একতরফা জয়। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করল আর্তেতার দল।
টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ক পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ শক্ত করে মাঠে নামলেও আর্সেনালের গতি ও পাসিং ফুটবলের সামনে তা টিকল না বেশি সময়। ম্যাচের ৩৬তম মিনিটে মিকেল মেরিনোর থ্রু বল ধরে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন এজে। ডান প্রান্তে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে পরাস্ত করেন গুগলিয়েলমো ভিকারিওকে। বিরতির পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে টটেনহ্যাম। কিন্তু সেকেন্ড ৩৫-এর মাথায় বাঁ পায়ের দুর্দান্ত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এজে, ব্যবধান বাড়িয়ে নেন ৩-০ তে।
হাল ছাড়েনি স্পার্স। ৪০ গজ দূর থেকে ডেভিড রায়াকে চমকে দিয়ে রিচার্লিসন একটি গোল শোধ করলেও ম্যাচের গল্প বদলায়নি। ৭৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এজে লক্ষ্যভেদ করে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক।
লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে এ মৌসুমে সবচেয়ে বেশি গোল-অবদান এখন এজের। মাত্র ১৫ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্টে আর্তেতার পরিকল্পনায় নিজের জায়গা পাকা করেছেন তিনি।
২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার স্বপ্ন কি এবার বাস্তবায়িত হতে যাচ্ছে? টানা তিন মৌসুম রানার-আপ হওয়া আর্সেনাল এখন শীর্ষে ছয় পয়েন্টে এগিয়ে। আর এজের মতো ম্যাচ-উল্টে-দেওয়া ফুটবলার দলে থাকলে, তাদের থামানো সহজ হবে না বলেই মনে হয়।
রিপোর্টার্স২৪/বাবি