| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকিবুল, রিপনের প্রশংসা করেও দলের মানসিকতা নিয়ে প্রশ্ন বাশারের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:০৯:২৮:অপরাহ্ন  |  ১০০৪১২৮ বার পঠিত
রাকিবুল, রিপনের প্রশংসা করেও দলের মানসিকতা নিয়ে প্রশ্ন বাশারের

রিপোর্টার্স২৪ডেস্ক: ২০১২ সালের এশিয়া কাপ কিংবা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে চাপের মুখে ভেঙে পড়ার বেদনাদায়ক স্মৃতি এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। রাইজিং স্টার এশিয়া কাপেও সেই পুরনো রোগ যেন ফিরে এসেছে। সেমিফাইনালে অপ্রয়োজনীয় ভুলে ম্যাচ জয়ের কাছাকাছি গিয়েও বিপাকে পড়েছিল বাংলাদেশ। ভাগ্যগুণে জিতলেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার এসব ভুলকে এক কথায় বলছেন—‘কমনসেন্সের অভাব’। তার মতে, এভাবে বারবার ভুল মেনে নেওয়ার সুযোগ নেই।

হাবিবুল বাশার বলেন, এ টুর্নামেন্টে চিন্তার জায়গা আছে। সেটা হলো, খেলার সময় প্রেসার হ্যান্ডেল করা এবং কমনসেন্স প্রয়োগ করা। আমরা কয়েকবার একই ভুল করেছি। ভারতের বিপক্ষে একটা ভয়ংকর ভুল হয়েছিল, কোনোভাবে সেদিন ম্যাচ জিততে পেরেছিলাম। ইমার্জিং দল হলেও সবাই কিন্তু ম্যাচিউর খেলোয়াড়। তাদের কাছ থেকে এমন ভুল আশা করা যায় না।

তার মতে, বড় ক্রিকেটার হতে হলে পরিস্থিতি বোঝা খুব গুরুত্বপূর্ণ। ফাইনালে আকবর আলীদের ব্যাটিং দেখে এতটাই হতাশ হয়েছিলেন যে সাত উইকেট পড়ার পর টিভি বন্ধ করে দেন তিনি।

বাশার বলেন, থিঙ্কিংটা খুব জরুরি। আমরা ঠিকভাবে চিন্তা করছি না। ১২৫ রানের টার্গেট চেজ করতে গিয়েও মনে হলো যেন ২২৫ রান তুলতে হবে। আত্মবিশ্বাসের অভাব থাকলে পাওয়ার প্লেতে দ্রুত রান করতে চাওয়া স্বাভাবিক। কিন্তু এরা তো অনেকদিন ধরেই ক্রিকেট খেলছে, নতুন কেউ নয়। তাই এমন হঠকারী সিদ্ধান্ত হতাশাজনক।

সমালোচনার পাশাপাশি ভালো পারফর্মারদের প্রশংসা করতেও ভোলেননি বাশার।

তিনি বলেন, রিপনের বোলিং খুবই ইমপ্রেসিভ ছিল। ব্যাটসম্যানকে পড়ে বল করেছে, দারুণ। রাকিবুল তো অনেকদিন ধরেই ভালো পারফর্ম করছে। উইকেটের কন্ডিশন অসাধারণভাবে কাজে লাগিয়েছে। সবচেয়ে বড় কথা, বড় দলের বিপক্ষে খেললেও তারা নার্ভাস হয়নি।

বাংলাদেশ দল বহুবার জয়ের খুব কাছ থেকে অদ্ভুত ভুল, টেম্পারমেন্টের ঘাটতি এবং ব্যাখ্যাতীত সিদ্ধান্তে ম্যাচ হারিয়েছে। রাইজিং স্টারদের ফাইনালেও সেই পুরনো চিত্রই ফুটে উঠেছে। প্রশ্ন এখন, আকবর আলীরা কি এই ভুলের বৃত্ত ভেঙে সামনে এগোতে পারবে?

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪