রিপোর্টার্স২৪ ডেস্ক: দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় তারা। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠে আসা পর্তুগিজ কিশোরদের ট্রফি উৎসব তাই এবার দ্বিগুণ আনন্দের।
ম্যাচের ৩২তম মিনিটেই নির্ধারিত হয়ে যায় শিরোপার ভাগ্য। পর্তুগালের ফরোয়ার্ড আনিসিও ক্যাব্রালের করা একমাত্র গোলই দলকে স্বপ্নের শিরোপা এনে দেয়। টুর্নামেন্টে সাত গোল করা ক্যাব্রাল গোলশিকারি তালিকায় দ্বিতীয় হলেও শিরোপা জয়ের মূল কারিগর হয়ে থাকলেন তিনি।
দুদলই প্রথমবারের মতো বিশ্বকাপের এ স্তরের ফাইনালে খেলতে নেমেছিল। ম্যাচটি ছিল রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। গোলমুখে শট ও আক্রমণে সামান্য এগিয়ে ছিল অস্ট্রিয়া- তাদের শট ছিল ১৫টি, যার পাঁচটি লক্ষ্যে। পর্তুগালের ছিল ১৪টি শট, এর চারটি লক্ষ্যে।
ফাইনালের আগে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অস্ট্রিয়ার জোহানেস মজার। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তার দিনটি ভালো কাটেনি। বরং বদলি হিসেবে নেমে ড্যানিয়েল ফ্রাউশার ৮৫তম মিনিটে পোস্টে লেগে যাওয়া শটে গোলের সবচেয়ে কাছাকাছি যান, যা ম্যাচে অস্ট্রিয়ার জন্য ছিল সবচেয়ে বড় সমতার সুযোগ।
দিনের আগের ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ইতালি টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের ম্যাচটি ছিল গোলশূন্য। সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে ওঠে, আর ব্রাজিল পর্তুগালের কাছে ৬-৫ গোলের টাইব্রেকারে হেরে তৃতীয় স্থান লড়াইয়ে নেমেছিল।
রিপোর্টার্স২৪/আরকে