| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমরান খানের ছেলের উদ্বেগ: বাবার খোঁজ নেই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১১:১৪:০০:পূর্বাহ্ন  |  ৯৬৮৮৭৭ বার পঠিত
ইমরান খানের ছেলের উদ্বেগ: বাবার খোঁজ নেই
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা ও সুস্থতার খোঁজ না পাওয়ায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে কাসিম খান। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কাসিম বলেন, ৮৪৫ দিন ধরে তার বাবা কারাগারে বন্দি আছেন এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে সম্পূর্ণ একা ডেথ সেলে রাখা হয়েছে। আদালতের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও খানের বোনদের সাক্ষাৎও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কাসিম লিখেছেন, কোনো ফোন কল নেই, কোনো সাক্ষাৎ নেই, বাবার সুস্থতার কোনো তথ্য নেই। আমি ও আমার ভাই বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তিনি আরও বলেন, এই অন্ধকারে আটকে রাখা কোনো নিরাপত্তা প্রটোকল নয়। তার অবস্থা গোপন করা এবং আমাদের পরিবারকে তার নিরাপত্তা সম্পর্কে কিছু না জানানো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে।

কড়া সতর্কবার্তা দিয়ে কাসিম বলেন, আমার বাবার নিরাপত্তা এবং তাকে এভাবে আলাদা রাখার প্রতিটি পরিণতির পুরো আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক দায় পাকিস্তান সরকার এবং তাদের ‘মনিবদের’ ওপরই বর্তাবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি কণ্ঠ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। বাবার জীবিত থাকার নিশ্চিত তথ্য দেওয়া হোক, আদালতের আদেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করা হোক, এই অমানবিক বিচ্ছিন্নতা বন্ধ করা হোক এবং রাজনৈতিক কারণে বন্দী পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তি দাবি করা হোক।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে সাক্ষাৎকারে ইমরান খানের বোন নোরিন নিয়াজি বলেন, আমরা কিছুই জানি না। তারা আমাদের কিছু বলছে না, কাউকে দেখা করতে দিচ্ছে না। দলের লোকজনের নির্ধারিত সাক্ষাৎও বাতিল করা হয়েছে। চার সপ্তাহ ধরে আমাদের সাক্ষাৎ নিষিদ্ধ। ভারতে তো এমন খবরও ছড়িয়েছে যে তাকে মেরে ফেলা হয়েছে।

নোরিন আরও অভিযোগ করেন, ইমরান খানপন্থিদের ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো পুলিশের হাত মুক্ত রেখেছে। শিশু, নারী, বয়োবৃদ্ধ কারও প্রতিই সম্মান বা সহানুভূতির কোনো আচরণ নেই। এগুলো আগে কখনো হয়নি। নারীদের এভাবে অপমান করা হয়নি। এবার প্রথমবার এমন নির্লজ্জভাবে মানুষকে পেটানোর অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অবস্থার খোঁজ নিতে যান। এ সময় পিটিআই-এর আইনপ্রণেতা ও বহু সমর্থক কারাগারের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

তবে ইমরান খানের আরেক বোন আলেমা খান ভাইয়ের অবস্থার খবর জানতে কারাগারে যেতে চাইলে তাকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। এ ঘটনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে নানা গুজব, এমনকি কিছু মিডিয়ায় মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে কারা কর্তৃপক্ষ এসব গুজব প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪