| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১০:১৪:৩৮:পূর্বাহ্ন  |  ২০৮৬ বার পঠিত
আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। এবারের প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, আজ মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।

তিনি আরও জানান, চলতি বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া পরিবহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী।

আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীরা দেশেই এই কার্ড পাবেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে হোটেল লবিতে গিয়ে তা সংগ্রহ করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪