রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: কদিন আগেই নতুন ইনজুরির ধাক্কা। চিকিৎসকের পরামর্শ মাঠে নামা যাবে না, প্রয়োজন হলে অস্ত্রোপচারও লাগতে পারে। কিন্তু কি আর নেইমার থেমে থাকেন! সতীর্থদের বিপদে দেখতে না পেরে চিকিৎসকদের পরামর্শ অমান্য করেই অনুশীলনে ফিরলেন, পরে নেমে পড়লেন ম্যাচেও। আর মাঠে নামার পর যেন ইনজুরির লেশমাত্র দেখা গেল না বরং আরও আগ্রাসী, আরও প্রাণবন্ত ‘পুরনো নেইমার’।
ব্রাজিলিয়ান সিরি আ তে শেষ তিন ম্যাচ হাতে রেখে রেলিগেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল সান্তোস। নেইমারের নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস ইনজুরিতে পড়াটাই দলটিকে আরও বিপদে ফেলেছিল। কিন্তু দলকে দ্বিতীয় বিভাগে নামতে দেবেন না এই জেদেই নেইমারের ঝুঁকি নিয়ে মাঠে নামা।
আর মাঠে নেমেই ২৫তম মিনিটে দিলেন জীবনদায়ী গোল। ডি বক্সের বাইরে থেকে সতীর্থের পাস পেয়ে স্পোর্ট রেসিফের দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিচু শটে জালের দেখা পান ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর ৬৬তম মিনিটে তার কর্নার থেকে হেড করে গোল করেন জোয়াও স্মিট যা সান্তোসকে এনে দেয় ৩–০ ব্যবধানে নিশ্চিত জয়।
ম্যাচে বল দখলে দুই দল কাছাকাছি থাকলেও আক্রমণে রাজত্ব করেছে সান্তোস। তাদের ১৭ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, যেখানে রেসিফে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ২টি। এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে উঠে এসেছে সান্তোস। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন ১৫ নম্বরে। হাতে বাকি আরও দুই ম্যাচ। নেইমারের এই প্রত্যাবর্তন সান্তোসের টিকে থাকার লড়াইয়ে নতুন আশার আলো জ্বালাল নিঃসন্দেহে।
রিপোর্টার্স২৪/ঝুম