রিপোর্টার্স২৪ডেস্ক: লা মাসিয়ার ১২ বছর বয়সী স্ট্রাইকার ডেসটিনি কোসিসোকে ঘিরে এখন আলোচনা বিশ্বজুড়ে। মাত্র ৫২ ম্যাচে ১৪৫ গোল করে আলোচনায় ওঠা এই কিশোর প্রতিভাবান ফুটবলার বিশ্বের শীর্ষ ক্রীড়া ব্র্যান্ড নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন।
গত মৌসুমের দুর্দান্ত গোলসংখ্যার পাশাপাশি অনূর্ধ্ব–১০ দলে তিনি ২৭ ম্যাচে প্রায় ১০০ গোল করেছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বার্সেলোনার প্রসিদ্ধ একাডেমি লা মাসিয়ার ভবিষ্যৎ ভরসা হিসেবে কোসিসোকে দেখা হচ্ছে।
নাইজেরিয়ান সাবেক ফুটবলার এজিকে প্যাসকেলের ছেলে কোসিসো ও তার দুই ভাই–ও লা মাসিয়ারই খেলোয়াড়। পারিবারিকভাবেই ফুটবলের পরিবেশে বড় হওয়া এই প্রতিভাকে “ভবিষ্যতের বিনিয়োগ” বলছে পিনি জাহাভির এজেন্সি গোল ইন্টারন্যাশনাল, যারা বর্তমানে তাকে পরামর্শ দিচ্ছে।
তবে এত কম বয়সে এজেন্ট অথবা বাণিজ্যিক চুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে। ফিফার নিয়ম অনুযায়ী, ১৬ বছর হওয়ার আগে কোনো ফুটবলার আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্বমূলক চুক্তি করতে পারে না। তাই গোল ইন্টারন্যাশনাল জানায়, এখন তারা শুধু “সম্পর্ক গড়ার” কাজ করছে।
কোসিসোর সামনে এখন সম্ভাবনার পাশাপাশি চাপও আছে মিডিয়া, প্রত্যাশা ও ধারাবাহিক পারফরম্যান্সের চ্যালেঞ্জ। তবু বার্সেলোনা একাডেমির উজ্জ্বল ইতিহাস, বিস্ময়কর গোলরেকর্ড এবং বিশ্ব ব্র্যান্ডের আগ্রহ সব মিলিয়ে ডেসটিনি কোসিসোকে বিশ্বের ভবিষ্যৎ তারকাদের তালিকার শীর্ষে নিয়ে এসেছে।
রিপোর্টার্স২৪/বাবি