রিপোর্টার্স২৪ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিকে সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত করেছে বাংলাদেশ। ম্যাচের আগে দলকে অযথা জটিলতায় না গিয়ে স্বাভাবিক ও ভালো ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট।
সোমবার চট্টগ্রামে অনুশীলন শেষে তিনি বলেন, ভাবনাগুলো জটিল করার দরকার নেই। ভালো ক্রিকেট খেললে জয় আসবেই। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি জয় বাড়তি আত্মবিশ্বাস দেয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। ফলে মঙ্গলবারের ম্যাচ জিতে বছর শেষটা ইতিবাচকভাবে শেষ করতে চায় দল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়; সরাসরি দেখাবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।
টেইট বলেন, প্রথম দুই ম্যাচে আয়ারল্যান্ড বেশ ভালো ব্যাটিং করেছে। তাদের মানসম্পন্ন কয়েকজন ক্রিকেটার আছে এবং দলটি টি–টোয়েন্টিতে বেশ গোছানো।
প্রথম ম্যাচে ৩৯ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়েই রক্ষা পায় দল। ব্যাটিং ব্যর্থতা কাটাতে স্কোয়াডে শামীম হোসেনকে যুক্ত করা হয়েছে।
টেইট আরও বলেন, ভালো চ্যালেঞ্জই আমাদের দরকার। কারণ সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ—এর চেয়ে বড় টুর্নামেন্ট আমাদের নেই।
এ পর্যন্ত দুই দলের মুখোমুখি ১০ টি–টোয়েন্টির মধ্যে ছয়বার জিতেছে বাংলাদেশ, তিনটি ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড এবং একটি পরিত্যক্ত হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি