| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি রুপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০২, ২০২৫ ইং | ০৬:৩৫:৪২:পূর্বাহ্ন  |  ৯৬৯২৮৫ বার পঠিত
আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি রুপি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ভারতের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপিতে, যা তাকে টুর্নামেন্টের উচ্চতম ক্যাটাগরিতে নিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেকে রেখেছেন ১ কোটি রুপির ক্যাটাগরিতে।

আগামী আসরের নিলামের জন্য তালিকায় মোট ১,৩৭৭ জন ক্রিকেটার নাম তুলেছেন, তবে চূড়ান্ত তালিকায় সবাই থাকবেন না। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের খেলোয়াড়দের নাম শুক্রবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। মূল নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।

মুস্তাফিজ গত আসরে নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৬৫টি। ২০১৬ সালে অভিষেক আসরে ১৭ উইকেট তার সেরা মৌসুম এখনও।

সাকিব আইপিএলে সবশেষ খেলেছেন ২০২১ সালে। সাতটি আসরে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দুটিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৯ আসরে ম্যাচ খেলেছেন তিনি মোট ৭১টি। ১২৪.৪৮ স্ট্রাইক রেট ও ১৯.৮২ গড়ে রান করেছেন ৭৯৩, ওভারপ্রতি ৭.৪৩ রান দিয়ে উইকেট ৬৩টি। শিরোপার স্বাদ পেয়েছেন দুইবার।

নিলামের তালিকায় বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা। গত আসরে ব্যাট হাতে ব্যর্থতা ও পরে চোটের কারণে সরে যাওয়া অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটসম্যান এবার নিলামে নাম লেখাননি। নিলামে এবার সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৩১ জন। সাকিব-মুস্তাফিজদের লড়াইটা তাই খুবই কঠিন।

ধারণা করা হচ্ছে, এবারের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত আসরে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। দীর্ঘদিন পর সম্প্রতি তিনি বোলিংয়ে ফিরেছেন। তাকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। দুই দলেরই একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন এবং ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিকের পর সবচেয়ে বেশি টাকা বাকি আছে এই দুই দলেরই।

সর্বোচ্চ ভিত্তিমূলের ক্যাটাগরিতে মুস্তাফিজ, গ্রিনসহ আছেন ৪৫ ক্রিকেটার। সেখানে উল্লেখযোগ্য নাম স্টিভেন স্মিথ, জশ ইংলিস, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলন, রাচিন রাভিন্দ্রা, ড্যারিল মিচেল, ডেভিড মিলার, রাইলি রুশো, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শেই হোপ, জেসন হোল্ডার, মাহিশ থিকসানা, আকিল হোসেন ও আলজারি জোসেফ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪