নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিজ বাসভবন থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের ইমরুল ভূঁইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এছাড়া তার স্ত্রীর সঙ্গে গত এক বছর ধরে মামলাও চলছিল।
বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন