বেনাপোল প্রতিনিধি: যশোরের কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি (এক কেজি ১৬৪ গ্রাম) স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ফরিদুল ইসলাম (২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং মাহাফুজ আলম (৩১) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতোয়ালি থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম ও মাহাফুজ আলমকে আটক করে। পরে তাঁদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তারা। আরও জানায়, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছার দিকে আসছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। সব মিলিয়ে সিজারের মোট মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটক করার জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসএন