| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রাইস্টচার্চে রান–পাহাড়ে চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:৪৭:২৬:পূর্বাহ্ন  |  ৯৫৭৭৪১ বার পঠিত
ক্রাইস্টচার্চে রান–পাহাড়ে চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিউজিল্যান্ডের ব্যাটিং–ঝড়ে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনটি দুঃস্বপ্ন হিসেবেই কাটল ওয়েস্ট ইন্ডিজের জন্য। মাত্র ৪ উইকেট নিতে তাদের খরচ হয়েছে ৩৮৫ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ৪ উইকেটে ৪১৭, ফলে মোট লিড দাঁড়িয়েছে ৪৮১ রানে।

দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল নিউজিল্যান্ডের বিনা উইকেটে ৩২ রানে, ৯৬ রানের লিড নিয়ে। তৃতীয় দিনে সেই লিডই পরিণত হয় রানের পাহাড়ে। আগের ইনিংসে ২৩১ রানে অলআউট হওয়া স্বাগতিকদের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও করুণ—তারা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে।

তৃতীয় দিনের নায়ক দুজন—টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্র। দুজনই খেলেছেন বড় সেঞ্চুরি। ল্যাথাম ১৪৫ এবং রবীন্দ্র ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁদের তৃতীয় উইকেট জুটি যোগ করে ২৭৯ রান, যা আসলে ম্যাচের গতিপথ বদলে দেয়। টেস্টে ল্যাথামের এটি ১৪তম সেঞ্চুরি—শেষ ৪০ ইনিংসে যা ছিল তাঁর প্রথম। রবীন্দ্রের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ব্যক্তিগত ৮ ও ১৩ রানে দুইবার তাঁর ক্যাচ হাতছাড়া হওয়ায় বড় মূল্য চুকাতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

দ্বিতীয় দিনে মাত্র ৭ ওভার ব্যাট করা নিউজিল্যান্ড আজ ৮৮ ওভারে তোলে ৩৮৫ রান—ওভারপ্রতি গড়ে ৪.৩৭। শেষ সেশনে ২৫ ওভারে করে ১৮৪ রান, যা ক্যারিবীয় বোলারদের অসহায়ত্বই স্পষ্ট করে। তবু সেশনের শুরুতে ডেভন কনওয়ে (৩৭) ও শেষ বলে কেইন উইলিয়ামসনকে (৯) ফিরিয়ে কিছুটা স্বস্তি আনে ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত পেসার ওজয় শিল্ডস নেন কনওয়ের উইকেট। উইলিয়ামসনকে ফিরিয়ে দেন কেমার রোচ।

শেষ সেশনে শিল্ডস ফেরান রবীন্দ্রকে এবং রোচ ল্যাথামকে। দিনশেষে উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২৩১ ও ৪১৭/৪ (রবীন্দ্র ১৭৬, ল্যাথাম ১৪৫, কনওয়ে ৩৭; রোচ ২/৬১, শিল্ডস ২/৬৪, সিলস ০/৫৮, গ্রিভস ০/৮০)। ওয়েস্ট ইন্ডিজ: ১৬৭।—তৃতীয় দিন শেষে

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪