রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আদালতের নির্দেশে ১৬ মাস পর শহীদুল ইসলাম রনি (২৫) নামক এক ব্যাক্তির লাশ উত্তোলন করা হয়েছে । বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। পিবিআই এর এসআই জয়নাল আবেদীন, কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক এবং চট্টগ্রাম ইউনিটের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলনের কাজ সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,২০২৪ সালের ৬ আগস্ট কাউখালীর বেতছড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন রনি। তিনি ওই এলাকার সামশুদ্দিন মোল্লার ছেলে। হত্যার দুই মাস পর রনির বাবা সামশুদ্দিন মোল্লা বাদী হয়ে ১২ জনকে আসামি করে কাউখালী থানায় মামলা করেন।
তবে তদন্তে সন্তুষ্ট না হয়ে বাদী পুলিশের দাখিল করা প্রতিবেদনের প্রতি না-রাজি জ্ঞাপন করলে আদালত মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পিবিআইকে ন্যস্ত করেন। তদন্তে নেমে পিবিআই রনির মৃত্যুর কোনো পোস্টমর্টেম প্রতিবেদন খুঁজে না পাওয়ায় পুনরায় লাশ উত্তোলনের জন্য আদালতের শরণাপন্ন হয়।
পরে আদালতের নির্দেশের ভিত্তিতেই প্রায় দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়। পিবিআই বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
রিপোর্টার্স২৪/এসসি