| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও বিশ্বকাপ জিততে চান লিওনেল মেসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৭:১৫:২৭:পূর্বাহ্ন  |  ৯৫৪২৩৫ বার পঠিত
আবারও বিশ্বকাপ জিততে চান লিওনেল মেসি
ছবির ক্যাপশন: লিওনেল মেসি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর কীইবা বাকি রেখেছেন লিওনেল মেসি? কোপা আমেরিকা থেকে ফাইনালিসিমা, সর্বশেষ মহা-উচ্ছ্বাসের সেই ২০২২ বিশ্বকাপ।

সবকিছু জিতে নেওয়ার পর তিনি নিজেও বলেছিলেন, ফুটবলের কাছে তার আর কোনো চাওয়া নেই। তবুও মেসির মনেই যে লুকিয়ে আছে আরেকটি স্বপ্ন আরেকবার বিশ্বের সেরা হয়ে ওঠার, সেটা তিনি নিজেই স্বীকার করলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

ইএসপিএন আর্জেন্টিনার ‘স্পোর্টস সেন্টার’এ দেওয়া এক আলাপচারিতায় মেসি জানান, ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছে তার এখনও প্রবল। ভক্ত-সমর্থকরাও চান তাকে আরেকবার বিশ্বমঞ্চে দেখতে।

মেসি বলেন, আমাদের দারুণ একটি দল আছে। আবারও চেষ্টা করব। তবে বিশ্বকাপে অনেক ছোট ছোট মুহূর্ত আপনাকে ছিটকে দিতে পারে। একটি শট পোস্টে লেগে বেরিয়ে গেলেই টুর্নামেন্ট শেষ। আমরা নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে দারুণ খেলেছিলাম, তারপরও ম্যাচ পেনাল্টিতে গিয়েছিল।

তিনি স্মরণ করালেন গোলরক্ষক দিবুর (এমিলিয়ানো মার্তিনেজ) অসামান্য ভূমিকার কথাও। আমাদের সৌভাগ্য ছিল যে দিবু ছিলেন। তিনি আমাদের জিততে সাহায্য করেছেন। কিন্তু পেনাল্টিতে যেমন জেতা যায়, তেমন হারাও সম্ভব। বিশ্বকাপ জেতা অবিশ্বাস্য কঠিন।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নতুন চাপের কথাও তুলে ধরেন মেসি। তার ভাষায়, চাপটা যেন একটু কমেছে, কিন্তু এটা কোনো নিশ্চয়তা দেয় না। সবাই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে চায় স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি সবাই শক্তিশালী।

তারপরও চ্যালেঞ্জটাই নিতে চান মেসি। আরেকটি বিশ্বকাপের স্বপ্ন ভাসিয়ে তিনি যোগ করেন, আমি আশা করি আমি সেখানে থাকতে পারব। মনেপ্রাণে চাই খেলতে। যদি খেলতে না-ও পারি, অন্তত মাঠে বসে দেখব। কারণ বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, আর আমাদের জন্য তো আরও বেশি। স্বপ্ন তাই বেঁচে আছে, আরেকটি বিশ্বকাপের। হয়তো আবারও মেসিকে দেখা যাবে নীল-সাদা জাদুতে বিশ্বকে মাতাতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪