স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন মাইলফলক যোগ হলো সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে পর্দা ওঠে প্রথম আসরের। তবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির শুরুটা হলো ব্যর্থতায় ভরা। নিজেদের প্রথম ম্যাচে সানজিদা আক্তারদের দল নেপালের চ্যাম্পিয়ন এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে বড় ব্যবধানে ৪-০ গোলে হেরে যায়।
২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে নাসরিন স্পোর্টস একাডেমি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু এক মৌসুম লিগ বন্ধ থাকায় তারা প্রস্তুতির ঘাটতিতে ভুগছিল। এর সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে থাকা মারিয়া ও মনিকা অংশ নিতে না পারায় তরুণ নির্ভর স্কোয়াড নিয়েই নেপালে যায় দলটি। অর্পিতা, জয়নব, পুজা ও মেঘলাদের নিয়ে গড়া দল অভিজ্ঞতার ঘাটতির কারণে প্রথম ম্যাচেই ব্যর্থতার স্বাদ পেয়েছে।
ম্যাচের ৩৮ মিনিটে অর্পিতা বিশ্বাসের দুর্বল ক্লিয়ারেন্স থেকে মিনা দেউবা বল পান এবং তা বাড়িয়ে দেন রাশমিকে। তার শক্তিশালী শটের বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মেঘলা। ৭০ মিনিটে মিনার আরেকটি শট ফেরাতে ব্যর্থ হন তিনি, ফলে ব্যবধান বাড়ে ২-০।
শেষ দিকে পাঁচটি বদলি করেও নেপালের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় নাসরিন। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আসে দলের চতুর্থ গোল।
অভিজ্ঞতার ঘাটতি আর প্রস্তুতির সীমাবদ্ধতায় পিছিয়ে পড়ে নাসরিন স্পোর্টস। তবে রাউন্ড রবিন লিগে এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সোমবার পাকিস্তানের ক্লাব করাচি সিটির বিপক্ষে মাঠে নামবে সানজিদা-জয়নবরা।
রিপোর্টার্স২৪/বাবি