রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্থগিত থাকা তৃতীয় প্রান্তিক পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫’ এখনো সম্পন্ন হয়নি, সেসব বিদ্যালয়ে ১১–১৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। এতে শুক্রবার ও শনিবার ছাড়া তিন দিন পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরুর কথা থাকলেও চলমান শিক্ষক আন্দোলনের কারণে পরীক্ষা সময়ে অনুষ্ঠিত হয়নি। ফলে ছুটি বাতিল করে নির্ধারিত সময়ে মূল্যায়ন সম্পন্নের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
রিপোর্টার্স২৪/এসসি