রিপোর্টার্স২৪ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে অনেকে প্রথমেই ফল খেতে পছন্দ করেন। আবার অনেকেই মনে করেন, খালি পেটে ফল খাওয়া পেটের সমস্যা বাড়াতে পারে। ফলে প্রশ্ন ওঠে দিনের কোন সময়ে ফল খাওয়া সবচেয়ে উপকারী? এ নিয়ে সাধারণ মানুষের মতো পুষ্টিবিদদের মধ্যেও রয়েছে ভিন্নমত।
ফল প্রাকৃতিকভাবে ভিটামিন, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে পানি-সমৃদ্ধ। তাই ফলের গুণাগুণ নিয়ে কোনো বিতর্ক নেই বিতর্ক কেবল ফল কোন সময় খেলে হজমে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে।
অনেকের ধারণা, সকালে খালি পেটে ফল খাওয়া উচিত নয়। কিন্তু বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ফল খালি পেটে কিংবা খাবারের পর—যেকোনো সময়ই খাওয়া যায়, কারণ ফল খুব দ্রুত হজম হয় এবং শরীরকে প্রাকৃতিকভাবে হাইড্রেট রেখে শক্তি জোগায়।
সারা রাত না খেয়ে থাকার পর সকালে যখন শরীর ধীরে ধীরে কার্যক্ষম হয়, তখন ফল অনেকের জন্য সতেজতা ও শক্তি বাড়াতে সহায়ক হয়। কেউ যদি খালি পেটে ফল খেয়ে আরামদায়ক, হালকা ও উদ্যমী অনুভব করেন, তবে তার এই অভ্যাস পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলেই মত চিকিৎসকদের।
তবে সবার ক্ষেত্রে বিষয়টি একই রকম নয়। কারও কারও হজমতন্ত্র খালি পেটে নির্দিষ্ট কিছু ফল সহজে সহ্য করতে পারে না। বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল—যেমন কমলা, আনারস বা খুব বেশি ফাইবারযুক্ত পেয়ারা, নাশপাতি ইত্যাদি খালি পেটে খেলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা পেটে জ্বালাপোড়া অনুভূত হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সমস্যার মূল কারণ ফল নয়, বরং ব্যক্তির নিজস্ব হজমক্ষমতা।
বিশেষ করে যারা ঠান্ডাজনিত সমস্যা, গ্যাস্ট্রিক বা অম্লতা (অ্যাসিডিটি) নিয়ে ভুগেন, তাদের সকালে খালি পেটে বেশি অ্যাসিডিক ফল এড়িয়ে চলাই ভালো। হজমের আরামদায়ক সময় হলো যখন শরীর তা স্বাভাবিকভাবে গ্রহণ করে। যারা শুধুমাত্র ফল খেলে ক্ষুধা বাড়তে দেখেন, তারা ফলের সঙ্গে বাদাম, বীজ কিংবা দই যোগ করতে পারেন। আর যারা ভারী নাস্তা পছন্দ করেন, তারা খাবারের মধ্যবর্তী সময়ে ফল খেতে পারেন।
পুষ্টিবিদদের অভিমত ফল দিনের যেকোনো সময়ই উপকারী, যদি তা নিয়মিতভাবে ও নিজের শরীরের সহনশীলতা অনুযায়ী খাওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম