রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ভারতকে হারানোর মাহেন্দ্রক্ষণে যে পুরস্কার ঘোষণায় ফুটবল অঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেই প্রতিশ্রুত অর্থ অবশেষে পৌঁছে গেছে জাতীয় ফুটবল দলের হাতে। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ২১ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যের পরই তিনি জাতীয় দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।
মাস ঘুরতেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাকা হস্তান্তর করে দিয়েছে। মঙ্গলবার জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান এনএসসি থেকে ৩০ জনের নামে প্রস্তুত পুরস্কারের চেক সংগ্রহ করেন। এর মধ্যে ভারত ম্যাচের স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার এবং কোচিং স্টাফসহ ৭ কর্মকর্তা প্রত্যেকে পেয়েছেন ৭ লাখ টাকা করে। সব মিলিয়ে পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ টাকা, যা ঘোষিত টাকার চেয়েও বেশি।
এনএসসির কাছে পুরস্কারের জন্য বাফুফে ৪০ জনের একটি তালিকা পাঠিয়েছিল। তবে যাচাই-বাছাই শেষে কেবল ম্যাচের ২৩ খেলোয়াড় এবং দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আরও ৭ কর্মকর্তার নামই চূড়ান্ত করা হয়।
কিন্তু তালিকা থেকে বাদ পড়ায় সবচেয়ে বেশি আলোচনায় টিম অ্যাটেন্ডেন্ট মহসিন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে মাঠের ভেতর-বাইরে সার্বক্ষণিক পরিশ্রম করে যাওয়া এই সদস্যকে পুরস্কার তালিকার বাইরে রাখায় দুঃখ ও আক্ষেপ প্রকাশ করেছেন দলের অনেকেই। ফুটবল–সংশ্লিষ্ট মহলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
ফুটবলারদের উচ্ছ্বাস এবং পুরস্কার বিতরণ ঘিরে ইতিবাচক পরিবেশের মাঝেও মহসিনকে পুরস্কার না দেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কি পুনর্বিবেচনা করা হবে?
রিপোর্টার্স২৪/ঝুম