রিপোর্টার্স২৪ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। বুধবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়েছে, নিবন্ধন পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। পরীক্ষায় মোট নম্বরের অন্তত ৪০ শতাংশ পেলে প্রার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ অনুপাতে (এক পদের বিপরীতে দুইজন) নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে এনটিআরসিএ।
ফল প্রকাশের পর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০ এবং এখানে–ও পাস নম্বর মোটের অন্তত ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে এনটিআরসিএ পরীক্ষা নিয়ে মেধাতালিকা তৈরি করে। সেই তালিকার ভিত্তিতেই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে।
রিপোর্টার্স২৪/এসসি