স্টাফ রিপোর্টার: ডিজিটাল লটারির মাধ্যমে দেশের সরকারি ও মহানগর–জেলা–উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে ৩ লাখের বেশি শিক্ষার্থী। তবে বেসরকারি স্কুলগুলোর বিপুল আসনসংখ্যার তুলনায় আবেদন কম হওয়ায় খালি রয়ে গেছে ৮ লাখেরও বেশি আসন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত কেন্দ্রীয় লটারি কার্যক্রম শেষে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
লটারি শেষে দুপুর পৌনে তিনটায় নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী। তিনি জানান, এবার মোট ৩ লাখ ৫ হাজার ৪৯৯ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি স্কুলে ১ লাখ ৭ হাজার ৫২১ জন এবং বেসরকারি স্কুলে ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছেন।
ইউনুস ফারুকী জানান, লটারির ফল নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের যেকোনো মোবাইলের এসএমএসের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি দুটি অপেক্ষমাণ তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।
সরকারি স্কুলে শূন্য আসন ১৪ হাজারের বেশি
এবার সরকারি ৬৮৯টি স্কুলে ১ লাখ ২১ হাজার ৫৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৭ লাখ ১৯ হাজার ৮৫৮ জন। নির্বাচিত ১ লাখ ৭ হাজার ৫২১ জনের বাইরে এখনো ১৪ হাজার ৭৫টি আসন খালি রয়েছে।
বেসরকারি স্কুলে খালি ৮ লাখ ৪৩ হাজার আসন
মহানগর, জেলা ও উপজেলা সদরের ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ শিক্ষার্থী। নির্বাচিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন। ফলে এসব স্কুলে মোট ৮ লাখ ৪৩ হাজার ১৬০টি আসন খালি রয়ে গেছে।
ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হবে ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং দ্বিতীয় তালিকা থেকে ২৭ থেকে ৩০ ডিসেম্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার অনুপস্থিত ছিলেন। সকালেই সরকারি স্কুলের লটারি উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া ও বেগম বদরুন নাহার। পরে বেসরকারি স্কুলের লটারি উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।
ডিজিটাল লটারি প্রক্রিয়ায় প্রযুক্তিগত সহায়তা দেয় টেলিটক। ফল হস্তান্তর করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক বিএম আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/এসসি