রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সহজ ভেবে ভুল করা ঠিক হবে না। তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলীয় পরিকল্পনা পৌঁছে দিতে পারলে আওয়ামী লীগবিরোধী গণজোয়ার তৈরি হবে এবং মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভাগের সাংগঠনিক ইউনিটগুলোর নেতা–কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
তারেক রহমান বলেন, এক বছর সোয়া বছর আগে বলেছিলাম—সামনের নির্বাচন আপনারা যেমন ভাবছেন, তেমন হবে না। আজ তা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। এবার নির্বাচন কঠিন হবে। এখনো সিরিয়াস না হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে।
তিনি দাবি করেন, গণতন্ত্রই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, আর সেই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারেন বিএনপির নেতা–কর্মীরা। এজন্য প্রত্যেককে পরিকল্পনা নিয়ে মানুষের দুয়ারে যেতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার কায়েম করা হবে না জানিয়ে তিনি বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে, তাদের পাশাপাশি যারা দেয়নি—তাদের জন্যও সমানভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট কারও জন্য কাজ করা যাবে না। তিনি আরও বলেন, দল যাকে ধানের শীষের প্রতীক দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রার্থী বদল হলেও দল ও আদর্শ অটুট থাকবে।
অভিযোগ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তবে বিএনপিকে মিথ্যা বলার প্রয়োজন নেই; বাস্তবভিত্তিক পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরতে পারলেই হবে।
ধর্মীয় স্থানে নেতাদের বক্তব্য নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, যেখানে অন্যরা কথা বলতে পারে, সেখানকার নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে। বিশেষ কারও জন্য আলাদা নিয়ম হতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।
রিপোর্টার্স২৪/বাবি