রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচার চলাকালীন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। আহত প্রার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই নয়। আমাদের মতাদর্শ যাই হোক না কেন, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, পুরো জাতি যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন রাজধানীর প্রাণকেন্দ্রে এমন সহিংস ঘটনা ঘটে এর নিন্দা জানানোর ভাষা নেই। তিনি আহত প্রার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।
জানা যায়, এই ঘটনা ঘটে জুমার নামাজের পর। হামলাকারীরা অপ্রত্যাশিতভাবে ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নির্বাচনি পরিবেশে এমন সহিংসতা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম