স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে রাজধানীর বিজয়নগরে এক আলোচনা সভায় তিনি বলেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আর আজ একজন প্রার্থীকে গুলি করা হলো, আর তিনি ঢাকা-৮ আসনের হাদি সাহেব। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একটা অশনিসংকেত দেখতে পাচ্ছি,নির্বাচনকে বানচাল করার জন্য কোনো শক্তি চক্রান্ত শুরু করেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত রাখা জরুরি। আমরা মনে করি, এটি সুপরিকল্পিত একটি চক্রান্তের অংশ, যা এখনই থামাতে হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
রিপোর্টার্স২৪/এসসি