স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে তিনি হাদির পরিবারের খোঁজখবর নেন।
এই সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমানও উপস্থিত ছিলেন। হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টা ৫ মিনিটে অ্যাম্বুলেন্সে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলাকালীন জানা যায়, তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।
উল্লেখ্য, আহত হাদির দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল স্থানান্তরের পর তার পরিবারের সঙ্গে দেখা করায় আশা করা হচ্ছে যে তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি