রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান রিজভী।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে ভণ্ডুল করতে নীলনকশা অনুযায়ী এসব হামলা চালানো হচ্ছে। শরিফ ওসমান হাদির ওপর হামলা তারই ধারাবাহিকতা। এর আগে দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকেও গুলি করে আহত করা হয়েছিল।
রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও বিরোধী দলের নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বেড়েই চলেছে। এসব ঘটনার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একযোগে বিক্ষোভ মিছিল করবে।
রিপোর্টার্স২৪/ঝুম