| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৫:৪৩:৫৪:পূর্বাহ্ন  |  ১১২২৭৫১ বার পঠিত
হাদির ওপর হামলা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

স্টাফ রিপোর্টার: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। এ সময় তিনি বলেন,  হাদি ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, এই হামলার মাধ্যমে একটি মহল স্পষ্ট বার্তা দিতে চায়। সুষ্ঠু নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হবে। সে কারণেই তারা নির্বাচন ঠেকাতে সহিংসতার পথ বেছে নিয়েছে।

ফাহিম ফারুকী আরও বলেন, বর্তমানে পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার দায় তিনি এড়াতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

তিনি বলেন, আমরা কোনো অপ্রাসঙ্গিক ব্যাখ্যা বা আলু-পেঁয়াজের গল্প শুনতে আসিনি। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হাদির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে ফাহিম ফারুকী জানান, তিনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন। তাকে রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার বিবেচনা করছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

হাদির শারীরিক অবস্থার বিষয়ে শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে, এতে তার ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা পরিভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’বলা হয়।

তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটপূর্ণ। এই সময়ের মধ্যে কোনো নতুন ধরনের ইন্টারভেনশন করা হবে না। রোগী বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪