রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেছেন, এই মুহূর্তে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করেন।
রাশেদ খাঁন জানান, হাসপাতালে যাওয়ার সময় তিনি দেখতে পান হাদির চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক চলছে। এ সময় তিনি ওসমান হাদির ভাইয়ের সঙ্গে কথা বলেন। পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়, হাদির অবস্থা অত্যন্ত গুরুতর এবং পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
এ সময় নির্বাচন ও নিরাপত্তা প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, আমি আগেও বলেছি আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে প্রার্থীদের টার্গেট করছে। আমার আশঙ্কা অনুযায়ী, ওসমান হাদির ওপর হামলা সেই পরিকল্পনারই অংশ। এর পর হয়তো আমি, কিংবা অন্য কোনো প্রার্থীও লক্ষ্যবস্তু হতে পারি।
তিনি প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কীভাবে নির্বাচনী মাঠে কাজ করবে? গণসংযোগই বা করবে কীভাবে? আমাদের নিরাপত্তা কোথায়? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম