| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির ওপর আঘাত মানে রাষ্ট্রের গণতন্ত্রে আঘাত: সালাহউদ্দিন আহমেদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৭:১৯:৫৬:পূর্বাহ্ন  |  ১০২৫৬৮৬ বার পঠিত
হাদির ওপর আঘাত মানে রাষ্ট্রের গণতন্ত্রে আঘাত: সালাহউদ্দিন আহমেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলাকে বাংলাদেশের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার সুপরিকল্পিত অপচেষ্টা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সালাহউদ্দিন আহমেদ হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সালাহউদ্দিন বলেন, ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। হামলার ধরন ও কৌশল বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, এটি পেশাদার খুনিদের কাজ। তাই এটিকে আমরা ব্যক্তিগত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখছি না।

তিনি আরও বলেন, বর্তমানে ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন হাদিকে হেফাজত করেন, তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, এই ঘটনার প্রেক্ষাপটেই আমাদের আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য শুধু বজায় রাখবো না, আরও সুদৃঢ় করবো। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, নির্বাচন ঘিরে বিতর্কও হবে। কিন্তু এমন কোনো বিতর্কে আমরা জড়াবো না, যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি বলেন, আমাদের মূল প্রেরণা জুলাই ২০২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনা। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে আমরা সবার ঊর্ধ্বে স্থান দেবো। এই জায়গায় কোনো আপস নেই।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচনের এই সময়ে যারা নির্বাচন চায় না, যারা গণতান্ত্রিক উত্তরণকে ভয় পায় এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের বিপক্ষে অবস্থান নেয়। এই হামলা তাদেরই কাজ। এই শক্তি দেশের ভেতরেও আছে, বাইরেও আছে। তবে আমরা পতিত ফ্যাসিবাদকে স্পষ্ট বার্তা দিতে চাই এই ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না।

জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য করে তুলবো।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪