রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের পর প্রকাশ করা হবে। শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা দেখার কাজ চলছে, তাই আশা করা যাচ্ছে, আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করা সম্ভব হবে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মেধাতালিকা নির্ধারণের প্রক্রিয়া
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকা তৈরি করা হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি জিপিএ এবং লিখিত পরীক্ষার নম্বরের যোগফল অনুযায়ী। নিয়ম অনুযায়ী:
এসএসসি জিপিএ×৮ = ৪০ নম্বর
এইচএসসি জিপিএ×১২ = ৬০ নম্বর
লিখিত পরীক্ষা = ১০০ নম্বর
এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার মোট যোগফল অনুযায়ী চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
বিশেষ নিয়ম সেকেন্ড টাইম ও পূর্ববর্তী ভর্তির ক্ষেত্রে
২০২৫ সালে এইচএসসি পাস শিক্ষার্থীদের প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
২০২৪ সালে এইচএসসি পাস বা সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর কেটে নেওয়া হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ কেটে নেওয়া হবে।
আসন ও আবেদনকারীর সংখ্যা
সরকারি মেডিকেল কলেজে মোট আসন: ৫ হাজার ৬৪৫ (এমবিবিএস ৫ হাজার ১০০, বিডিএস ৫৪৫)
বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন: ৭ হাজার ৪০৬ (এমবিবিএস ৬ হাজার ১, বিডিএস ১ হাজার ৪০৫)
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আসন: ১৩ হাজার ৫১ (এমবিবিএস ১১ হাজার ১০১, বিডিএস ১ হাজার ৯৫০)
ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১,২২,৬৩২ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৪৯,০২৮ ও ছাত্রী ৭৩,৬০৪। ফলে আসনপ্রতি লড়াই ৯ জন ভর্তিচ্ছুর।
রিপোর্টার্স২৪/আয়েশা