রিপোর্টার্স২৪ ডেস্ক: হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাবেক স্ত্রীর করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক সংসদপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (১৭ ডিসেম্বর) মামলার ধার্য তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ-এর আদালতে স্বশরীরে হাজির হন হিরো আলম। এ সময় তার পক্ষে আইনজীবী শান্তা সাকসিনা স্থায়ী জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে ওই দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ২৩ জুন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় হিরো আলমের পাশাপাশি তার এক সহযোগী আহসান হাবিব সেলিম-কেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পারিবারিক কলহের জেরে রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার আশ্বাস দিয়ে ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় তাকে ডেকে নেওয়া হয়। ওই দিন রিয়া মনি পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গেলে হিরো আলম ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হিরো আলম ও তার সহযোগীরা রিয়া মনিকে ওই বাসায় ঢুকিয়ে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তার গলায় থাকা আনুমানিক দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যান অভিযুক্তরা।
এর আগে মামলায় হিরো আলম ও অপর আসামি জামিনে থাকলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় জামিনের শর্ত ভঙ্গ হয়। ফলে গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে ১৫ নভেম্বর দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় অবস্থিত হিরো আলমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
পরে আদালত জামিন মঞ্জুর করলে ওই দিনই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মুক্তি পান হিরো আলম।
রিপোর্টার্স২৪/ঝুম