রাঙ্গামাটি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় থেকে পৃথক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার সকালে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল; এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এর আগে বুধবার বিকেলে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।
মনোনয়নপত্র সংগ্রহকালে জামায়াতে ইসলামীর শূরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আবদুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মো. মানছুরুল হক জানান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, রাঙ্গামাটির সব সম্প্রদায়ের মানুষের সমর্থন পেলে তাঁদের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।
অন্যদিকে একই দিনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের কাছ থেকে কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ আসনের নির্বাচনী রাজনীতিতে ‘গেম চেঞ্জার’ হিসেবে পরিচিত আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিলেও এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো নির্বাচনী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। গত ২ ডিসেম্বর শান্তিচুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে জেএসএস নেতা ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনটির অংশগ্রহণের ঘোষণা দেন।
এ ছাড়া আরেক আঞ্চলিক দল ইউপিডিএফ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পার্বত্য চট্টগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য প্রিয় চাকমা শাপলা প্রতীক নিয়ে রাঙ্গামাটি-২৯৯ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।