| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করে যা জানালেন স্পিকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৭:১২:৪৬:অপরাহ্ন  |  ৩৮৮ বার পঠিত
ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করে যা জানালেন স্পিকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগপত্র গ্রহণ করে সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদের অধিবেশনে ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর মুহাম্মদ ওসমান ফারুক ১৪ই নভেম্বর ২০২৬ তারিখ হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্ব-স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি।

স্পিকার বলেন, পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেছি। বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন থেকে উক্ত সদস্যের আসন শূন্য হবে। এমতাবস্থায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

আসনটি শূন্য হওয়ার বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী এই মহান সংসদকে অবহিত করা হলো।

সংসদ সচিবালয় ও পারিবারিক সূত্রের তথ্যমতে, শারীরিক অসুস্থতা, প্রয়োজনীয় চিকিৎসা এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনাতেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক। বর্তমানে চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি ও তার স্ত্রী—উভয়েই গুরুতর অসুস্থ।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা প্রবীণ রাজনীতিবিদ ড. ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হয়েছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪