টাঙ্গাইল প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালালেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর শহরের দিঘুলীয়া বেপারী পাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, দিল্লিতে বসে মানুষ হত্যার নকশা করা হচ্ছে। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়েছে। কীভাবে তারা পালালো, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে। তিনি দাবি করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলেও জনগণ ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার নির্বাচনের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে।
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে টুকু বলেন, বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ে তোলা হবে।
দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।