ঝিনাইদহ প্রতিনিধি: খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না। বিভাগীয় কমিশনার জানান, ঝিনাইহের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের সার্কিট হাউসে পরিবেশ বান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন কমিশনের আইন-কানুন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, ঝিনাইদহের মানুষ আবেগপ্রবণ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জেলার মানুষ শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম