চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এতে ঘরের আসবাবপত্র, বিভিন্ন মালামাল, গ্যারেজে থাকা একটি গাড়িসহ মূল্যবান বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি