রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষাটি আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সব সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা শুরু হলেও নির্বাচনের কারণে ওই সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন সম্ভব নয় বলেই সময় পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।
আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, বোর্ড সভায় পরীক্ষার তারিখ ও রুটিন চূড়ান্ত করা হবে। সম্ভাব্য শুরু সময় এপ্রিলের শেষ ভাগ অথবা মে মাসের শুরু।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর। ২০২২ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে।
রিপোর্টার্স২৪/আয়েশা