মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে শিক্ষকের স্বপ্নের বরই বাগান গড়ে উঠেছে। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেছেন।
শুরুতেই ভালো দাম পাচ্ছেন তিনি। প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। তিনি ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের বরই চাষ করেছেন। ভারত সুন্দরী জাতের বরই ১৫ ডিসেম্বর থেকে তোলা শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য জাতের বরইও বাজারে আসবে।
শরাফাতুল আলম বলেন, “করোনার সময় থেকেই বাড়ির পাশে নিজ জমিতে বরই চাষ শুরু করেছি। প্রতি বছর ব্যয় বাদ দিয়েও ভালো লাভ পাই। বরই এমন একটি ফল, যা শীত মৌসুমে হারভেস্টিং হয়। বরই বাগানে এলেই টেনশনমুক্ত হয়ে আনন্দে সময় কাটানো যায়। আমার বাগানের ফলে অসংখ্য পাখিরও খাদ্যের জোগান হয়।”
তিনি আরও যোগ করেন, “মাটির সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করলে ফসলও ভালোবাসা দিয়ে জবাব দেয়। একটু সাহস, ধৈর্য ও সঠিক পরিচর্যায় গ্রামের মাটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাগান এবং উন্নতমানের চারা উৎপাদনের পরিকল্পনা আছে।”
রিপোর্টার্স২৪/আয়েশা