| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৮:৩৫:৩৩:অপরাহ্ন  |  110986 বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় এ পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বিবেচনায় নিয়ে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পরীক্ষা আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সরকার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিয়োগ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আসে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী,এবারের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৭৫ জন প্রার্থী। প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৮০ জনের বেশি প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন।

পরীক্ষা পেছালেও অধিদপ্তরের জারি করা নির্দেশনাগুলো বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং মূল জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে। পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ৯টা ৩০ মিনিটে সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

ইলেকট্রনিক ডিভাইস শনাক্তে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে টর্চলাইট দিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপত্র (ওএমআর) পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।

নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪