রিপোর্টার্স২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বিপ্লব ঘটানো চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের সেবায় বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা গ্রহণ করেছে।
গুগল ও মেটার মতো প্রযুক্তি জায়ান্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ওপেনএআই এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করলেও এখন পর্যন্ত চ্যাটজিপিটিকে লাভজনক অবস্থানে নিয়ে আসতে পারেনি। দিন দিন এআই চ্যাটবট পরিচালনার খরচ আকাশচুম্বী হওয়ার কারণে বিকল্প আয় উৎস হিসেবে প্রম্পটের উত্তরে বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হচ্ছে।
রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই ইতিমধ্যে বিজ্ঞাপন উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি ও কাঠামোর প্রাথমিক নমুনা পরীক্ষা করছে। নতুন এই পরিকল্পনায়, ভবিষ্যতে ব্যবহারকারী যদি চ্যাটজিপিটির কাছে কোনো পণ্য কেনার পরামর্শ চান বা নির্দিষ্ট তথ্য জানতে চান, তবে চ্যাটবটের উত্তরের সঙ্গেই সংশ্লিষ্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শিত হতে পারে।
যদিও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এখন পর্যন্ত প্রকাশ্যে বিজ্ঞাপন দেখানোর বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি, প্রতিদিন ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সংগৃহীত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে, এই ব্যবসায়িক উদ্যোগ কার্যকর হলে এটি আমাজন, গুগল ও মেটার দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন প্রদর্শন প্রক্রিয়া ব্যবহারকারীর অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলবে না, সেজন্য ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে বিজ্ঞাপন যুক্ত করার চেষ্টা করা হবে। তবে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন ঠিক কবে চালু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তাই নতুন এই ব্যবসায়িক মডেল কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
রিপোর্টার্স২৪/ আয়েশা