রিপোর্টার্স২৪ ডেস্ক: সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের আকাঙ্ক্ষা হলো নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। এ জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচন কমিশন ও সরকারকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণ স্বাধীন ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে সালাহউদ্দিন আহমদ শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানে কক্সবাজারে পৌঁছান। পরে তিনি শহরের নুনিয়ারছড়াস্থ একটি মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে কক্সবাজার-১ আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ফলে এই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।
রিপোর্টার্স২৪/ আয়েশা