টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নিয়েছেন দলটির সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব। তিনি দলীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে পাঠানো পদত্যাগপত্রে সানোয়ার হোসেন সজীব শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। একই রাতে রাত ৯টা ৩০ মিনিটের দিকে তিনি ওই পদত্যাগপত্র নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
এর আগে কৃষক-শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে রোববার (৪ জানুয়ারি) রাতে সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে বক্তব্য দেন সানোয়ার হোসেন সজীব। ওই বক্তব্যে তিনি বিএনপি প্রার্থীর প্রতি সমর্থনের কথা জানান।
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন মহলে দাবি ওঠে, তিনি কৃষক-শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তবে এ দাবি নাকচ করেছেন সানোয়ার হোসেন সজীব। সোমবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনি বলেন, আমি শুধু কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি। অন্য কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেইনি। আপাতত রাজনীতির বাইরে আছি।
নির্বাচন ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করেছি। বিএনপিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সমর্থন থাকবে।
এ বিষয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী সোহেল নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনৈতিক দল একটি আদর্শিক ঠিকানা। এখানে কেউ আসে, কেউ যায়, কেউ নিষ্ক্রিয় হয়—এটাই স্বাভাবিক। দল এগিয়ে যাবে জনতার সমর্থনে, তার আপন মহিমায়।
রিপোর্টার্স২৪/এসসি