ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার পথসভার জন্য নির্মিত মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। এদিন বিকেলে হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে তার পথসভা করার কথা ছিল। সকাল থেকেই সেখানে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়।
তবে মঞ্চ ভেঙে দেওয়ায় সেখানে সভা করতে না পেরে রুমিন ফারহানা নিজ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন। বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজার এলাকায় বক্তব্যকালে তিনি বলেন, সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ তৈরি করা হয়েছিল। কিন্তু আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আগামী ১২ তারিখ এই অন্যায়ের উপযুক্ত জবাব দেবেন।’ বক্তব্যে তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সংস্কৃতি চলতে দেওয়া হবে না। দোকানে দোকানে চান্দাবাজি, ধান্দাবাজি আর অবৈধ বালুর ব্যবসা বন্ধ করা হবে।
বক্তব্য শেষে তিনি অরুয়াইল বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী সভা-সমাবেশ করতে পারেন না। তবে মঞ্চ ভাঙচুরের বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নির্বাচনী বিধি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব মনোনীত হয়েছেন। একই আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টার্স২৪/এসসি