ফেনী প্রতিনিধি: ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা পর্যায়ের পাঁচ নেতা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন এনসিপি ফেনী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
ওমর ফারুক শুভ ছাড়াও পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপি ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সদস্য নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন ও আজিমুল হক।
ওমর ফারুক শুভ তার পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ওমর ফারুক শুভ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দলটি নিজস্ব মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও জানান, মঙ্গলবার থেকেই তিনি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।
পদত্যাগপত্রের অনুলিপি দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।
রিপোর্টার্স২৪/ধ্রুব