| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ দিনে ১০ জেলায় যাবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৩:৩৯:৪১:অপরাহ্ন  |  ৮৯৩২২২ বার পঠিত
৪ দিনে ১০ জেলায় যাবেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে তার ৪টি জেলায় সফরের তারিখ ঠিক হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে তার এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে। তবে, নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচার-প্রচারণায় অংশ নেবেন না। 

এই সফরে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০ টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশে বের হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রিযাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরবেন।

তিনি আরও জানান, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয়, সেই বিষয়ে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪