| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৮:১০:৫৩:অপরাহ্ন  |  64298 বার পঠিত
‘সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা বলেছি, বাংলাদেশে একটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। বিগত ৫৫ বছরে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে তা উত্তোরণের জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে ক্রাইসিস শেষ হবে না বরং ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে, সংকট আরও গভীরতর হবে, এ আশঙ্কার কথা আমরা তাদেরকে স্পষ্টভাবে বলেছি।

বুধবার (৭ জনিুয়ারি) সকালে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের  মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এবং মিস মনিকা বাইলাইতে  (উপপ্রধান, দক্ষিণ এশিয়া বিভাগ, ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিস)।

তিনি আরও বলেন, গত এক দুই সপ্তাহ ধরে সরকার ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে এতে আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচন অতীতের পাতানো নির্বাচনগুলোর মতো হবে কিনা? আমরা মনে করি এ ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

আমরা নির্বাচন কমিশন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি তারা যেন এখনই এ ব্যাপারে সতর্ক হয়ে বাংলাদেশকে রক্ষার জন্য নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে বলেছেন, আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবেন এবং এ ব্যাপারে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা তাদেরকে বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে সরকার পরিচালনার পরিকল্পনা করব ও দেশী-বিদেশী সকল স্টেক হোল্ডারকে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে বলেছেন, তারা এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। তারা আশা করছেন বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরাও তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্যে যা কিছু করা প্রয়োজন জামায়াতে ইসলামী সেটা করবে এবং সার্বিকভাবে সহযোগিতা করবে।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪