সিনিয়র রিপোর্টার:বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের এই অবস্থান আইসিসিকে বোঝাতে সরকার সক্ষম হবে।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে ভারতের বাইরে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় আমরা খেলতে প্রস্তুত।
তিনি আরও বলেন, এই অবস্থানে আমরা অনড় আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অনড়, সেটি আমরা আইসিসিকে পরিষ্কারভাবে বোঝাতে পারব বলে আশা করি। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করবে এবং কষ্ট করে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।
প্রসঙ্গত, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিসিবি ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি