| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বেচ্ছাসেবক নেতা হত্যার ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই: সালাউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:১৮:০৯:অপরাহ্ন  |  ৮৮৫৫৯৫ বার পঠিত
স্বেচ্ছাসেবক নেতা হত্যার ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই: সালাউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন, এবং এটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেন, কারও কোনো অভিযোগ থাকলে তারা ইসিকে জানাতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সফরটি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই, এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

চূড়ান্ত মনোনয়নের প্রসঙ্গে তিনি জানান, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রয়োজনে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনে আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি হঠাৎ ও পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪